২৫ ডিসেম্বর শুক্রবার থেকে শীতের দাপট শুরু হবে
দি নিউজ লায়ন ; শীতের দাপট শুরু হবে ২৫ ডিসেম্বর শুক্রবার থেকেই। শুক্রবার থেকে ফের পশ্চিমী ঝঞ্ঝার ঝঞ্ঝাট দেখা যাবে। এমনটাই জানিয়েছে দিল্লির মৌসম ভবন। পশ্চিমী ঝঞ্ঝার কারনে প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এবং কলকাতার আবহাওয়াতেও।
এদিকে উত্তর ভারতের প্রায় সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে ১ থেকে ৪ ডিগ্রি নিচে। বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব বাতাসের জেরে দক্ষিণ ভারতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তামিলনাড়ুর কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। মধ্যভারত ঘন কুয়াশাচ্ছন্ন থাকতে পারে।
পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার কনকনে শীত একটু কমেছে। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী দুই দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি কমে যেতে পারে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামী ৪৮ ঘন্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়ার কোথাও কোথাও শৈত্যপ্রবাহের ভালোরকম সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী ২৪ ঘন্টায় একই পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও।

Post a Comment